রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৫ ২৩:২০:১৬
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না।” তিনি শিক্ষার্থীদের মাদক, নেশা, অন্যায়, দুর্নীতি ও সাম্প্রদায়িকতাকে না বলে মানবতা, সত্য ও সাম্যের পক্ষে থাকার আহ্বান জানান।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে আয়োজিত ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাম্য, মানবতা, সাহস ও ত্যাগের প্রতীক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাঁর আদর্শ ও সাহিত্যকর্ম জাতীয় জীবনে প্রেরণার উৎস। নতুন প্রজন্মকে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদের এয়ার অধিনায়ক এয়ার কমডোর মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউবি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান, পিএসসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম, এএসপি (সার্কেল) এস এম মামুনুর রশিদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
অ্যাডভোকেট আহমেদ আযম খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এবং সখীপুর থানা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। দেশের দুর্ভিক্ষ মোকাবিলা করে একটি স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তিনি কাজ করেছিলেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চেতনা, প্রতিবাদ ও মানবিক দর্শনসহ জাতীয় জীবনে কাজী নজরুল ইসলামের অবদানকে মূল্যায়ন করে তাঁর ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নজরুল বর্ষ ঘোষণা করেছেন।
অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে তিনি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ পরিদর্শন করেন।