শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় পুর্নভবা নদীতে মৎস্য সংরক্ষণ আইনে জাল উচ্ছেদ অভিযান, ধ্বংস করা হলো ১৪টি সুতীজাল

প্রকাশিত: ২০২৬-০৮-২৮ ০১:২২:১৩

News Image

মোঃ কামরুজ্জামান সরকার, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
পুর্নভবা নদীর জলজ সম্পদ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন কার্যকর করতে নওগাঁর পোরশা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

 

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) দিনব্যাপী এ অভিযানে নদী থেকে অবৈধভাবে মাছ শিকারের জন্য ব্যবহৃত ১৪টি সুতীজালের অবকাঠামো কেটে ধ্বংস করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুইটি দলে বিভক্ত হয়ে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, পোরশা থানার সহকারী পুলিশ পরিদর্শক শ্রী অমিত বাবু, এক জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও তিন জন পুলিশ কনস্টেবল উপস্থিত ছিলেন। স্থানীয় জনসাধারণও অভিযানে সহযোগিতা করেন।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম হোসেন জানান, প্রজনন মৌসুমে সুতীজাল দিয়ে মাছ শিকার পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তৎপরতা অব্যাহত থাকলে পুর্নভবা নদীতে মাছের উৎপাদন বাড়বে এবং নদীর স্বাভাবিক ভারসাম্য ফিরে আসবে।


প্রসঙ্গত, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী যে কোনো ধরনের সুতীজাল, কারেন্ট জাল ও ক্ষতিকর যন্ত্রপাতি দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। প্রশাসন এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে মাঠপর্যায়ে তাদের কার্যক্রম জোরদার করেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭