সোমবার ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২৭ ১০:১১:৩৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
রবিবার (২৬ জুলাই, ২০২৬) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (RTJA) নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (RTJA)-এর নেতৃবৃন্দ তাদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয় পুলিশ কমিশনারের নিকট তুলে ধরেন।
এ সময় তারা বর্তমান মহানগর পুলিশের কার্যক্রম নিয়ে সন্তুষ্টি জ্ঞাপন করেন। রাজশাহী মহানগরীতে মাদক নির্মূলে নজরদারি ও অভিযান আরও জোরদার করা, অটোরিকশা, বাসসহ সার্বিক ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, উপশহর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ, টহল পুলিশের উপস্থিতি বৃদ্ধি, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিবন্ধনবিহীন ওয়েবসাইট সাইবার ইউনিটের মাধ্যমে বন্ধকরণ, বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবস উপলক্ষে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ম্যাচ তথা খেলা ধুলার আয়োজন, মোটরসাইকেলের পরিবর্তিত (মডিফাইড) সাইলেন্সারের কারণে সৃষ্ট শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যাবসা পরিচালনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।
পুলিশ কমিশনার নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, সভায় উত্থাপিত বিষয়গুলোর মধ্যে অনেকগুলো শুধুমাত্র পুলিশের এককভাবে সমাধান করা সম্ভব নয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সেবা সংস্থা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি, পুলিশের আওতাধীন বিষয়গুলোতে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি জনাব মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (RTJA)-এর সম্মানিত নেতৃবৃন্দ।