শনিবার ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহীতে বিভাগীয় পাঠক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত, বইপাঠে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান

প্রকাশিত: ২০২৬-০৭-২৫ ১৬:১০:৫০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
রাজশাহীতে বিভাগীয় পাঠক সমাবেশ রাজশাহী বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) সকালে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লক্ষ্মীপুর মোড় হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পাঠক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণিল ব্যানার, ফেস্টুন ও বইপাঠের আহ্বানসংবলিত বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

র‌্যালি শেষে গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিভাগীয় পাঠক সমাবেশ। এতে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং নতুন প্রজন্মকে গ্রন্থাগারমুখী করার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে সংগীত, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. বজলুর রশীদ। 

 

এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির এবং রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

 

এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রাজশাহীর জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।  এছাড়া বিভাগীয় সরকারি গ্রন্থাগারের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন।

 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নিয়মিত পাঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যপ্রেমী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, সমাজে পাঠাভ্যাস বৃদ্ধি, বইপড়াকে জনপ্রিয় করা এবং জ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পাঠকসমাজকে সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭