রবিবার ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-১২ ০২:৫৯:১১
টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের মাঝে ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। একই সঙ্গে দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, জরুরি উদ্ধার, চিকিৎসা সহায়তা এবং বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ পুনরুদ্ধারেও কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি দুর্গত পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন তারা।
ত্রাণ কার্যক্রমের পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, দুর্গম এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা সচল করতেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। বিভিন্ন স্থানে সেনাসদস্যরা জরুরি চিকিৎসা সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাও অব্যাহত রেখেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা বন্যা ও পাহাড়ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং বহু পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকার মানুষের পাশে থেকে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে স্থানীয় জনগণকে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।