মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-০৭ ১১:২৩:৫৯
নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল:
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই পল্লী উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর যথাযথ গুরুত্বারোপ করা হয়।
সোমবার (৬ জুলাই, ২০২৬) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রাম। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।