রবিবার ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-০৫ ২৩:৫৮:৪৬
টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ রোববার (৫ জুলাই, ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৬৪৫ শিশু। যদিও সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে নতুন করে ১০৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জন।
গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন। এর মধ্যে পরীক্ষায় ১২ হাজার ৬৩২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৫ হাজার ১২২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৮ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিয়মিতভাবে আক্রান্ত, মৃত্যু ও চিকিৎসাসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করছে।