শনিবার ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-২৪ ০০:৫২:৪৪
নিজস্ব প্রতিবেদন:
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের চলমান অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
আজ ২৩ মে ২০২৬ তারিখে মির্জাপুর ও নাগরপুর উপজেলায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ জনকে ৬ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতিও অকেজো করা হয়েছে।
জানা যায়, মির্জাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর আওতায় ৩ ব্যক্তিকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অবৈধ কার্যক্রমে ব্যবহৃত ২টি ট্যাফে ও ১টি ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় এসব যন্ত্র ব্যবহার করে অবৈধ বালু উত্তোলন চালানো না যায়।
অপরদিকে একই দিনে নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে পরিচালিত আরেকটি মোবাইল কোর্ট অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নাগরপুর।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।