শনিবার ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-০২ ১৬:৫৯:০৮
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। শনিবার সকালে শহরের পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানে জানানো হয়, ফাউন্ডেশনের অধীনে আয়োজিত বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন প্রান্তের ২ হাজার পাঁচ শত জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ব্যাপক প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছেন মোট ১০৯ জন কৃতি শিক্ষার্থী। এর মধ্যে ২৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৮৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ও যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাঃ আনিছুর রহমান, একই সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইমদাদুল হক, সম্পাদক আব্দুল মুহাইমিন, বিশিষ্ট সমাজসেবক মোস্তফা কামাল।
ফাউন্ডেশনের পরিচালক উবাইদুল্লাহ হুসাইনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইসমাইল হুসাইন এবং সাবেক পরিচালক কে এম আশরাফুল ইসলাম।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল ফারহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান। তিনি ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।