বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইল-নাগরপুর সড়কের ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসেই সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২০২৬-০৪-১১ ০১:২২:৩৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সড়ক ব্যবহারকারীরা। 

 

আজ শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) জুমার নামাজের পর টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন সড়কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পরিবহন শ্রমিকরা অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা জোরালো কণ্ঠে ধলেশ্বরী সেতুর টোল অবিলম্বে বন্ধের দাবি জানান। 

 

তারা বলেন, দীর্ঘদিন ধরে এই টোল আদায়ের কারণে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অতিরিক্ত অর্থনৈতিক চাপ বহন করতে হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী আবু বকর সিদ্দিক বলেন, “গত ৫ আগস্টের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে টোল আদায় বন্ধ হয়ে গিয়েছিল। পরে ইজারাদার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইজারার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত টোল আদায় চালিয়ে যাচ্ছে। 

 

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার পতনের পরপরই টোল বন্ধের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এছাড়া বর্তমান সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারেও টোল বন্ধের প্রতিশ্রুতি ছিল। 

 

বক্তারা অভিযোগ করেন, নতুন করে দরপত্র আহ্বান করায় জনমনে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে দ্রুত ধলেশ্বরী সেতুর টোল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়, যাতে সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ কমে এবং স্বস্তি ফিরে আসে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭