মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
প্রকাশিত: ২০২৬-০৩-০৯ ০০:৫৬:৫৩
নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইলের ভূঞাপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সংগঠন হোমিওপ্যাথিক চিকিৎসক এসোসিয়েশন-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ মার্চ, ২০২৬) সন্ধ্যায় স্থানীয় মুসলিম রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আতোয়ার রহমান তালুকদার মিন্টু।
তিনি তাঁর বক্তব্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের সেবায় নিয়োজিত এই পেশার মর্যাদা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সংগঠনের সভাপতি ডা. আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. ইয়াছির আরাফাত খান।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামণ্ডলীসহ ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলকে কেন্দ্র করে উপস্থিত চিকিৎসকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং পেশাগত নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, চিকিৎসকদের অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে প্রয়াত হোমিওপ্যাথিক চিকিৎসকদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।