বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

খেলাধুলা

বাংলাদেশকে সমর্থন দিয়ে এবার বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

প্রকাশিত: ২০২৬-০১-১৯ ১৫:১৫:০৭

News Image

অনলাইন ডেস্ক:
ভারতে নিরাপত্তা শঙ্কায় দল পাঠাতে নারাজ বিসিবি। এবার বাংলাদেশের পাশে শক্তভাবে দাঁড়াল পাকিস্তান। বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পিসিবি।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে জানিয়েছে, “ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক এবং বৈধ বলেও অভিহিত করেছে তারা। তাই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি। আসন্ন আসরে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 'এ' গ্রুপে আছে পাকিস্তান।”

 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান না করতে পারে, তবে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় সেজন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে।

 

‘জিও সুপার’-এর সূত্র জানিয়েছে, পিসিবি মনে করে, আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়। এর আগে, গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে তারা বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত।

 

এদিকে, চলমান সংকট নিরসনে আইসিসির কাছে গ্রুপ বদল করার কথাও বলেছিল বিসিবি। তবে ক্রিকেট বিষয়ক ভারতীয় পোর্টাল ক্রিকবাজের খবর, আইরিশরা তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তন করতে রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকবাজ। ফলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদল করার যে প্রস্তাব বিসিবি দিয়েছিল, তা কার্যত বাতিল হয়ে গেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭