বুধবার ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০১-০৪ ১৫:৫২:১৩
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ত্রুটির কারণে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, জাতীয় পার্টির প্রার্থী মো. নাজমুল হাসান, জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম খান এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী আব্দুল ফজল মাহমুদুল হক, এস এম হাবিবুর রহমান, হাবিবুর রহমান কামাল, আমজনতার দলের মো. আলমগীর হোসেন, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ।
রিটার্নিং অফিসার জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এদিকে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে টাঙ্গাইল-৮ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যাচাই-বাছাই শেষে এলাকায় নির্বাচনী আলোচনা ও রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।