মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

নিউইয়র্কের আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় সরকারের গভীর দুঃখ প্রকাশ

প্রকাশিত: ২০২৫-০৯-২৪ ০৩:০৮:৫৩

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

 

২৩ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরা এ হামলা চালিয়েছে। সরকারের দাবি, এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা সহিংস ও বিধ্বংসী রাজনৈতিক সংস্কৃতির ভয়াবহ রূপ আবারও প্রকাশ পেল।

 

অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে।

 

সরকারের ব্যাখ্যায় বলা হয়, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিরাপত্তা নিয়ে আগে থেকেই আশঙ্কা ছিল। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। প্রতিনিধি দলকে বিমানবন্দরে পৌঁছানোর পর নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং বিশেষ সুরক্ষিত পরিবহনে তোলা হয়। তবে শেষ মুহূর্তে ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে তাদের পথ পরিবর্তন করতে হয়।

 

অন্তর্বর্তীকালীন সরকার জানায়, বিমানবন্দর কর্তৃপক্ষকে ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা সুবিধা দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও সেই অনুরোধ রাখা হয়নি। ফলে প্রতিনিধিদল ঝুঁকির মুখে পড়ে।

 

ঘটনার পরপরই নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে দ্রুত নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়। ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের অন্যান্য সদস্যের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

 

অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট করে জানিয়েছে, রাজনৈতিক সহিংসতা বা ভীতি প্রদর্শনের ঘটনা—তা দেশে হোক বা বিদেশে—কোনোভাবেই সহ্য করা হবে না। প্রয়োজনে যথাযথ আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭