বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি বিভাগের কর্মী আটক

প্রকাশিত: ২০২৬-১১-১৮ ০২:০২:১১

News Image

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। 

 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

আটক ব্যক্তির নাম মাহমুদুল হাসান (২৪)। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিং কর্মী হিসেবে কর্মরত। তিনি ওই এলাকার নজরুল ইসলাম ও রেবা দম্পতির ছেলে।

 

পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা করাতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ওই নারী। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসার পরামর্শ দেওয়া হয়। একই কথা জানানো হয় হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকেও।

 

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মাহমুদুল হাসান তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডেকে নেন। একপর্যায়ে প্রস্রাবের নমুনা সংগ্রহের পর তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।

 

ভুক্তভোগীর অভিযোগ, ওই কক্ষে প্রবেশ করার পর মাহমুদুল হাসান দরজা বন্ধ করে দেন। এরপর চুল টেনে ধরে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই নারী।

 

পরবর্তীতে বাড়িতে ফিরে তিনি স্বামীকে বিষয়টি জানান। পরে স্বামীর সহযোগিতায় থানায় গিয়ে নিজেই বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহমুদুল হাসানকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। মঙ্গলবার দুপুরে বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

 

এ ঘটনায় হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীদের নিরাপত্তা এবং দায়িত্বশীল কর্মীদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭