বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বিশ্ব ব্যাংকের অর্থায়নে টাঙ্গাইলে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২১০০ যুবক-যুবতী

প্রকাশিত: ২০২৬-১১-১৮ ০১:১৮:৫৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলায় শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত আর্ন (EARN) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) যৌথভাবে এ সভার আয়োজন করে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্‌জাহান রেজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন প্রকল্পের ঢাকা বিভাগীয় ভোকেশনাল স্কিলস ডেভেলপমেন্ট এক্সপার্ট ও ম্যানেজার মো. সোহেল রানা, ট্রেনিং ম্যানেজমেন্ট এক্সপার্ট ও ম্যানেজার মো. রেজাউল মজিদ এবং বাংলা-জার্মান সম্প্রীতির (বিজিএস) নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন প্রকল্পের ঢাকা বিভাগীয় টিম লিডার ও সাবেক অতিরিক্ত সচিব কাজী জাহাঙ্গীর আলম।

 

এ ছাড়া সভায় উপজেলা কৃষি, মৎস্য, মহিলা বিষয়ক ও শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্‌জাহান রেজা। পরে আর্ন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন বাংলা-জার্মান সম্প্রীতির (বিজিএস) ডেপুটি ডিরেক্টর জগদীশ চন্দ্র রায়।

 

সভায় জানানো হয়, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ২৭ মাস মেয়াদি এ প্রকল্পের আওতায় টাঙ্গাইল সদর উপজেলায় ২ হাজার ১০০ জন যুবক ও যুব নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

 

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, “আজকের এ সভার মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রমের সূচনা হলো। আগামী ২৭ মাস পর আমরা শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে চাই। সমাপনী অনুষ্ঠানে আমরা এমন একটি সফলতা দেখতে চাই, যেখানে লক্ষ্যমাত্রা অনুযায়ী উদ্যোক্তা তৈরি হয়েছে এবং সমপরিমাণ যুবক-যুব নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।”

 

বাংলা-জার্মান সম্প্রীতির (বিজিএস) নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ জনগোষ্ঠী, যাদের ‘NEET Youth’ হিসেবে অভিহিত করা হয়, তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের পিছিয়ে থাকা তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

 

আর্ন প্রকল্পের ঢাকা বিভাগীয় টিম লিডার ও সাবেক অতিরিক্ত সচিব কাজী জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণের পর যুবসমাজ যেন শতভাগ কর্মমুখী হয়ে উঠতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

 

তিনি এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। সভার প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রকল্পের বাস্তবায়ন ও কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।


সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আর্ন প্রকল্পের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে টাঙ্গাইল সদর উপজেলার বেকার ও সুবিধাবঞ্চিত যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭