রবিবার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৩ ১৭:২০:৫২
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
সভায় ডিআইজি পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পুলিশ সদস্যদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
ডিআইজি তার বক্তব্যে পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বডি-ওর্ন ক্যামেরার শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি।
সভায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।