রবিবার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-২৬ ১৭:৪৪:০৮
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
"সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিচ্ছদ্র নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য সরকার সব ধরনের সহায়তা দেবে। বিশেষ করে শেষ রাতের সংবেদনশীল সময়ে বিচ্ছিন্ন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য বিশেষ নজরদারি বজায় রাখতে হবে," বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সাথে সরকারের পক্ষ থেকে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আনন্দ বাড়াতে প্রতিটি মণ্ডপে চালের সরকারি বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করার ঘোষণা দেন তিনি।
আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে যশোরের জেলা কালেক্টরেটের 'অমিত্রাক্ষর' সভাকক্ষে আয়োজিত জেলা প্রশাসনের এক বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান।
সভায় সার্বিক চিত্র তুলে ধরে জানানো হয়, এ বছর যশোরের আটটি উপজেলায় মোট ৭৩৭টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের (৭০৯টি) চেয়ে ২৮টি বেশি। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনের লক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।
বক্তব্যে নিরাপত্তা জোরদারের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "ভোররাত থেকে সকালের সময়টি অত্যন্ত সংবেদনশীল। দীর্ঘ সময় জেগে থাকার কারণে দর্শনার্থী, আয়োজক ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় কিছুটা ক্লান্ত থাকেন। দুষ্কৃতকারীরা এই সুযোগটিকে কাজে লাগানোর অপচেষ্টা চালাতে পারে। তাই পূজা আয়োজক কমিটিকে এই নির্দিষ্ট সময়ে বিশেষ নজরদারি রাখতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বাই-রোটেশনে শিফট মেপে দায়িত্ব পালন করতে হবে।"
দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে বিশেষ তল্লাশি চালানো এবং নিয়মিত টহল বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়। সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে এবং মাদক, অস্ত্র কিংবা পটকাবাজির প্রবেশ রোধ করা যায়—সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) ও পুলিশকে কঠোর সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের সময়সূচি পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা অপ্রপ্রচার রোধে অভিনব উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলা ছড়ানো প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল বৈধ ছাত্র সংগঠনের তরুণদের যুক্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে তাৎক্ষণিক ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা গড়ে তোলা হবে। একই সাথে সকল বৈধ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে আয়োজকদের সহায়তার আহ্বান জানান তিনি।
জ্বালানি সংকট ও জাতীয় অর্থনীতির প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী এবার আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান জানান। তিনি বলেন, "বৈশ্বিক ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রক্ষা করা বেশ চ্যালেঞ্জিং। আমাদের মনে রাখতে হবে, প্রবাসীদের রক্তঘাম করা উপার্জন এবং গার্মেন্টস কর্মীদের অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে জ্বালানি কিনতে হয়। তাই দীর্ঘ পথ জুড়ে আলোকসজ্জা না করে তা কেবল মণ্ডপ ও প্রতিমাকেন্দ্রিক সীমিত রাখার অনুরোধ জানাচ্ছি।"
সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যশোরের আবহমান ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষা করে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার অত্যন্ত নিরাপদ ও আনন্দময় পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।