রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রিডা'র সহযোগিতায় আরএমপি, আরডিএ এবং সাংবাদিকদের সমন্বয়ে রাজশাহীতে ত্রিশ হাজার চারা বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৯-১৯ ২৩:১৮:৪১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

 

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ১১টায় রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর আয়োজনে এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আরডিএ এবং সাংবাদিকদের যৌথ উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট; জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং আরএমপির পুলিশ কমিশনার  মোহাম্মদ ফয়েজুল কবির।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের (রেডা) সভাপতি  তৌফিকুর রহমান লাভলু।

 

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

 

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির তাঁর বক্তব্যে বৃক্ষরোপণ কর্মসূচিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণের পরিবেশগত গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। তাই গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

 

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা  বলেন, আরএমপি, আরডিএ ও সাংবাদিকদের সহযোগিতায় আয়োজিত চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবুজ রাজশাহী গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন  তাঁর বক্তব্যে বরেন্দ্র অঞ্চলের ব্যাপক বনায়নের ফলে পরিবেশ ও আবহাওয়ার ইতিবাচক পরিবর্তন এবং কৃষিতে এর সুফল পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বৃক্ষরোপণের ফলে বৃষ্টিপাত, কৃষি উৎপাদন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়েছে। রাজশাহী মহানগরীকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা এবং তাপমাত্রা সহনীয় রাখতে ব্যাপক বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট তাঁর বক্তব্যে রাজশাহীর প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন। 

 

তিনি বলেন, এই সুন্দর শহর ও ভালো মানুষের মাঝে বেড়ে ওঠা তাঁর জন্য গর্বের বিষয় এবং রাজশাহী শহরটি আমাদের সবার। রাজশাহীকে আরও সুন্দর, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ব্যাপক সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

মাননীয় ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি বলেন, রাজশাহীকে ‘গ্রীন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন সরবরাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য। তাই বৃক্ষরোপণকে পবিত্র দায়িত্ব হিসেবে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

অনুষ্ঠানে রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের (রেডা) সভাপতি তৌফিকুর রহমান লাভলু উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

তিনি বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সফল ও সার্থক হয়েছে। পরে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭