বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১৫ ১৯:৩০:৩০
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে রাজশাহীতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো আশিক সাঈদ এর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ।
এ সময় গণমাধ্যমকর্মীরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় রাজশাহী রেঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
ডিআইজি তাঁর বক্তব্যে গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, দেশ ও সমাজের কল্যাণে পুলিশ ও গণমাধ্যমের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যাণে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।
এ সময় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।