মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সিরাজগঞ্জের এম. মনসুর আলী স্টেশনে সিল্কসিটির বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ২০২৬-০৮-০৪ ২৩:৩৯:১৮

News Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

 

আজ মঙ্গলবার (৪ আগস্ট, ২০২৬) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনটি স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

 

শহীদ এম. মনসুর আলী স্টেশনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। পরে ট্রেনটির গতিরোধ করা হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। যমুনা সেতুর পূর্বপারে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস আটকা পড়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল কার্যত বন্ধ রয়েছে।


সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিটি সরানোর কাজ শুরু হবে। এরপর রেললাইন সচল করে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

 

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া জানান, শহীদ এম. মনসুর আলী স্টেশনে একটি লেন থাকায় বিকল্প পথে ট্রেন চলাচলের সুযোগ নেই। ফলে লাইনচ্যুত বগি উদ্ধার না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে এবং দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন মেরামতের কাজ এগিয়ে নেওয়া হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭