শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ফেনীর পরশুরামের প্রধান সড়কে ফুটপাত দখল করে ফলের বাজার, মনিটরিং নেই -অভিযোগ স্থানীয়দের

প্রকাশিত: ২০২৬-০৭-৩১ ১৮:০৮:০১

News Image

পরশুরাম উপজেলা গেইট এলাকায় ফুটপাত দখল করে বসা ফলের দোকান। এতে চরম ভোগান্তিতে পথচারী ও ক্রেতারা

সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধি:
ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে রমরমা ফলের ব্যবসা। এতে সাধারণ পথচারীদের চলাচলে যেমন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, তেমনি ফলের চড়া দামে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা খাদ্য গুদামের ভবনের ঠিক সামনে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে প্রতিদিন বসানো হচ্ছে ফলের দোকান। ছবিতে দেখা যায়, নীল ও লাল-নীল ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী দোকানে আম, কমলা, আঙ্গুর, পেয়ারা, সহ বিভিন্ন ফল সাজিয়ে বিক্রি করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট, আর ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে পথচারীদের।

 

অভিযোগ রয়েছে, কোনো সুনির্দিষ্ট তদারকি না থাকায় বিক্রেতারা সিন্ডিকেট করে মনগড়া দামে ফল বিক্রি করছেন। সাধারণ বাজারে যে ফলের দাম তুলনামূলক সহনীয়, প্রশাসনিক এলাকার দোহাই দিয়ে এখানে তা বিক্রি হচ্ছে চড়া দামে। জরুরি প্রয়োজনে কিংবা অসুস্থ রোগীদের জন্য ফল কিনতে এসে চরম বিপাকে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

 

স্থানীয় সচেতন মহল ও পথচারীদের দাবি, অনতিবিলম্বে ফুটপাত অবৈধ দখলমুক্ত করে যানজট নিরসন করা হোক। পাশাপাশি ফলের বাজারে নিয়মিত বাজার মনিটরিং, পণ্যের মূল্য তালিকা সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের লাগাম টানা হোক।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭