বুধবার ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

শিক্ষাঙ্গণ

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএল.বি ফল-২০২৬ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৭-২২ ২২:৩৮:১০

News Image

নিজস্ব প্রতিনিধি:
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (FIU) আইন বিভাগের এলএল.বি ফল-২০২৬ সেমিস্টারের (৩৫তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ জুলাই ২০২৬) রাজধানীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার ড. মো. মঞ্জুর-ই-খোদা তরফদার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ল'-এর ডিন প্রফেসর খন্দকার কামালুজ্জামান, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর মো. জাহাঙ্গির হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মশিউর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আলাউদ্দিন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান রনজিয়ারা রহমান।

 

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পরিবারে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু উচ্চশিক্ষা অর্জনের নয়, বরং একজন দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলারও গুরুত্বপূর্ণ সময়। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মঞ্জুর-ই-খোদা তরফদার নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় কেবল একটি দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কোনো প্রতিষ্ঠান নয়; এটি আন্তর্জাতিক জ্ঞানচর্চার একটি কেন্দ্র। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল বা সিজিপিএ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক বাস্তবতা এবং সমসাময়িক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে।

 

তিনি আরও বলেন, অর্জিত জ্ঞান, দক্ষতা ও প্রজ্ঞাকে মানবকল্যাণ, সমাজের উন্নয়ন এবং দেশ গঠনের কাজে কাজে লাগাতে হবে। একজন সফল আইনজীবী হওয়ার পাশাপাশি মানবিক, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলেই বিশ্ববিদ্যালয় জীবনের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

 

অনুষ্ঠানে এলএল.বি ফল-২০২৬ সেমিস্টারের নবীন ও পুরাতন শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের সফল শিক্ষা জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

 

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ আয়োজন নবীন শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় জীবনের প্রতি উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭