শুক্রবার ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু, আহত ৪

প্রকাশিত: ২০২৬-০৭-১৭ ১৮:২৭:৫৯

News Image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিক শেষে নৌকায় ফেরার পথে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বংশাই নদীর থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন রংপুরের সাজ্জাত হোসেন (১৮) এবং বগুড়ার শেরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের জিকুল মিয়া (১৯)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে সাজ্জাত ও জিকুল ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭