শুক্রবার ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

আলোচিত খবর

অবশেষে কোরবানি হয়নি ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর; দর্শণার্থীদের জন্য এখন চিড়িয়াখানায়

প্রকাশিত: ২০২৬-০৫-২৯ ১৫:২৯:৪৩

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে এবং দেশ বিদেশের জাতীয় গণমাধ্যমে তুমুল সাড়া জাগানো এবং আলোচনা-সমালোচনায় থাকা অ্যালবিনো জাতের সেই আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত আর কোরবানি হচ্ছে না। বিরল বৈশিষ্ট্য বিবেচনা করে মহিষটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শেষ মুহূর্তে সেটিকে ক্রেতার কাছ থেকে নিয়ে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

 

২৭ মে, ২০২৬, (বুধবার) সন্ধ্যায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিনিময়ে মহিষটি গ্রহণ করেন এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

 

এর আগে কোরবানির উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে মহিষটি কিনেছিলেন কেরাণীগঞ্জের জিনজিরা এলাকার বাসিন্দা সামির। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটিকে ভাইরাল হওয়ার আগেই প্রতি কেজি ৫৫০ টাকা দরে কিনেছিলেন তিনি। গত সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটিকে যখন ক্রেতার বাড়িতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়, তখন খামারে রীতিমতো লাল গালিচা বিছিয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এই জমকালো বিদায়ের ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

 

অ্যালবিনো জাতের এই মহিষটির গায়ের রঙ, চুল ও চোখের গঠন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার সাথে মিলে যাওয়ায়, নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া এগ্রো ফার্ম’-এর মালিকের ছোট ভাই আদর করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর প্রতিদিন উৎসুক মানুষ খামারে ভিড় করতে শুরু করেন। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি খবর শিরোনাম হয় এবং স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

 

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিরল অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে মহিষটিকে কোরবানি না দিয়ে সংরক্ষণ ও গবেষণার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে জাতীয় চিড়িয়াখানায় সাধারণ দর্শনার্থীরাও প্রাণীটিকে দেখতে পাবেন।

 

এদিকে ঈদের ঠিক আগ মুহূর্তে বিরল এই প্রাণীটি কোরবানি না হওয়ার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রাণিপ্রেমীরা। সরকারের এই প্রশংসনীয় উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন তারা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭