সোমবার ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-২০ ১৫:৩১:৫১
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোপালপুর উপজেলার দুইজন নিহত হয়েছেন।
আজ সোমবার (২০ এপ্রিল, ২০২৬) সকাল ছয়টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাসের হেলপার মজনু মিয়া (৪৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও হেলপারের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে স্থানীয় ‘বিদ্যুৎ’ নামের এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন বলে জানা গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।