সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০১-০৬ ১৯:১৪:৩২
অনলাইন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই সফরের মূল কর্মসূচি সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তারেক রহমান কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
ইউসুফ বদরী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ লেখা গাড়িতে করে তারেক রহমান কক্সবাজারে কোথায় কোথায় যাবেন এবং কী কী কর্মসূচি থাকবে, সেসব স্থান পরিদর্শন করে প্রাথমিকভাবে নির্ধারণ করা হচ্ছে। এসব তথ্য দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে। এরপর দলীয়ভাবে সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে যাচ্ছেন, এটি জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, নেতাকর্মীরা তার আগমনের অপেক্ষায় আছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আগামী ১১ জানুয়ারি রোববার দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাবেন। পরদিন ১২ জানুয়ারি সোমবার তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর ১৮ জানুয়ারি রোববার কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা এবং চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হিসেবে পরিচিত।