বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৫-১১-৩০ ২৩:৪৭:৫৫
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
আজ ৩০ নভেম্বর, ২০২৫ রোববার রাত ৮টার পর আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলে ওঠে ইয়াসিন নামে এক কিশোর। ট্রেন সচিবালয় স্টেশনে পৌঁছালে দেখা যায়, সে দুই বগির মাঝের সংযোগস্থলের হুক ধরে ঝুলছে। কিছুক্ষণ পরই কিশোরটি বিপজ্জনকভাবে ট্রেনের ছাদে উঠে পড়ে। একই সময়ে আজকে আরেকজনকে রেললাইনের ওপর দিয়ে দৌড়াতে দেখা যায়।
ঘটনার পর নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সচিবালয় স্টেশনে মেট্রোরেলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে কর্তৃপক্ষ ওই কিশোরকে ট্রেনের ছাদ থেকে উদ্ধার করে। পরিস্থিতি স্বাভাবিক করতে আজ রাতের মতো মেট্রোরেল চলাচলও বন্ধ ঘোষণা করা হয়।
মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলন্ত ট্রেনের ছাদে ওঠা জীবনঘাতী ঝুঁকি সৃষ্টি করে। দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করতে স্টেশনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় চলাচল স্থগিত করা হয়। ঘটনার সুনির্দিষ্ট তদন্ত চলছে বলে জানা গেছে।
দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে প্রতিরোধে নজরদারি বাড়ানোর কথাও জানানো হয়েছে।