মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আলটিমেটাম

প্রকাশিত: ২০২৫-০৮-১৩ ২৩:০৪:২৯

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা অন্তর্বর্তী সরকারকে এক মাস সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে সেপ্টেম্বর থেকে সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা। 


১৩ আগস্ট, ২০২৫ বুধবার রাজধানীর সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশস্থলে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী। তিনি বলেন, “আমাদের দাবি যৌক্তিক, যা শিক্ষা মন্ত্রণালয়ও স্বীকার করেছে। তবুও বাস্তবায়নে গড়িমসি চলছে। তাই ৩০ দিনের আলটিমেটাম দিচ্ছি। এরপর সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করা হবে।”


তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও সমাধান না হলে ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।


দুপুর দেড়টার দিকে সমাবেশস্থল থেকে ১০ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে ৯ সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমানকে এবং সদস্যসচিব করা হয়েছে উপসচিব (মাধ্যমিক-২) সাইয়েদ এ জেড মোরশেদ আলীকে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিনিধিরাও এতে থাকবেন।


বৈঠকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি ও চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হবে। তবে শিক্ষকরা বাড়িভাড়া বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সুনির্দিষ্ট প্রস্তাবনা দিতে সম্মত হয়েছেন।


এর আগে বুধবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের ৬৪ জেলার কয়েক হাজার শিক্ষক মহাসমাবেশে অংশ নেন। সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রার কথা থাকলেও বৈঠকের আহ্বান পাওয়ায় শিক্ষকরা সেই কর্মসূচি স্থগিত করেন। বিকেল ৩টার দিকে সমাবেশ শেষ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যান তারা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭