বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

ডি-এক্স কর্নার

সরকার কবির উদ্দিন: আমার শৈশবের নায়ক, জীবনের আলোকবর্তিকা

প্রকাশিত: ২০২৫-০৭-১৫ ২২:২৭:১১

News Image

-আকবর হায়দার কিরন
এই অসাধারণ মানুষটির নাম সরকার কবির উদ্দিন। ছোটবেলা থেকেই তিনি আমার কাছে একজন হিরো। ঠিক সেই অর্থে নয় যেভাবে আমরা সিনেমার নায়কদের দেখি, বরং এমন একজন মানুষ যাঁর ব্যক্তিত্ব, কণ্ঠ, চলন-বলন—সব কিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন আমার কল্পনার এক সুদর্শন চরিত্র, এক আলোকবর্তিকা।

 

একসময় তিনি ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় রোমান্টিক নায়ক। কিন্তু তাঁর প্রতিভা কেবল সিনেমা কিংবা অভিনয়ের গণ্ডিতেই থেমে থাকেনি—তিনি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের এক কিংবদন্তি সংবাদ পাঠক, যার কণ্ঠস্বর শুনলেই যেন হৃদয়ে ছুঁয়ে যেত। ৩৭ বছর তিনি ভয়েস অব আমেরিকায় কাজে করেছেন এবং সারা বিশ্বে লক্ষ লক্ষ শ্রোতা দর্শককে আনন্দ ও মেধা বিলিয়ে দিয়েছেন হৃদয় দিয়ে। 

 

আমার সৌভাগ্য, গেলো চার দশকের বেশি সময় ধরে আমি তাঁকে অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। কয়েক বছর ভয়েস অব আমেরিকায় তাঁর কাছ থেকে কাজ করার পরম সৌভাগ্য হয়েছে আমার। কোনো এক আশ্চর্য কারণে তিনি আমাকে স্নেহ করেছেন, উৎসাহ দিয়েছেন, পথ দেখিয়েছেন। আমি দেখেছি তাঁর বিনয়, শুদ্ধতা, শব্দের প্রতি দায়বদ্ধতা। সরকার কবির উদ্দিন ভাই যেন বাংলা ভাষার এক নিঃশব্দ সাধক।

 

১৬ জুলাই তাঁর জন্মদিন। কী আশ্চর্য, আমিও কর্কট রাশির জাতক! এই দিনটিকে ঘিরে হৃদয়ের গভীর থেকে তাঁকে জানাই জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা ও প্রার্থনা—তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন এবং আমাদের মাঝে এমনভাবেই আলোর দিশারি হয়ে থাকেন।

 

তাঁর সঙ্গে অসংখ্য স্মৃতি জমা হয়ে আছে। একদিন তিনি, রোকেয়া হায়দার আপা, ফকির সেলিম আমাদের উডসাইডের সাউথ এশিয়ান মিউজিক সোসাইটিতে এসেছিলেন। আমরা বিমুগ্ধ হয়ে তাঁর কথা, গল্প, আবৃত্তি শুনেছিলাম।   একদিন সেগুলো নিয়ে বিস্তারিত লিখবো। তবে আজ শুধু এটুকুই বলি—সরকার কবির উদ্দিন ভাই আমাদের প্রজন্মের জন্য একজন নায়ক, একজন শুদ্ধতা-সংগ্রাহক।

 

জন্মদিনের শুভেচ্ছা প্রিয় সরকার কবির ভাই। আপনি আছেন বলেই আজো আমরা বিশ্বাস করি—ভদ্রতা, শুদ্ধতা ও নান্দনিকতা এখনো জীবিত।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭