প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২


আলোচিত খবর

হবিগঞ্জের মাধবপুরের ২ কৃষক ভারতে নির্যাতনের শিকার, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ২০২৫-০৪-২১ ২১:১০:৪২

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ২ কৃষককে ধরে ভারতে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার সকালে এ ঘটনাটি ঘটেছে। 

 

নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায় ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উশৃঙ্খল জনতা বাংলাদেশী ২ কৃষকের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়। 

 

ভারতে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আঃ আলী এর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪) ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ বাংলাদেশী নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। যার ফলে তাদেরকে আটক করা হয়। সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যাহার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশী হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক রোববার বিকালে অনুষ্ঠিত হয়। 

 

পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি সদস্যদের নিকট রোববার বিকাল পৌনে ৬ টার দিকে আটককৃত বাংলাদেশী তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪) কে হস্তান্তর করেন।

 

রোববার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সর্তক রয়েছে। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।