প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের গালায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রকাশিত: ২০২৬-১১-২৭ ১৯:২০:০১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার ২নং গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে খলদবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গণে ৪নং ওয়ার্ডের এলাকাবাসী ও ২নং গালা ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

২নং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোঃ রাহেদুল ইসলাম।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ, খলদবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আরজু মণ্ডল, সাবেক বিএনপি নেতা ও সমাজসেবক মোঃ আঃ মান্নান, বিশিষ্ট সমাজসেবক মোঃ কুদ্দরত আলী।

 

এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে হাজি তোফাজ্জল হোসেন, এসএসএস টাঙ্গাইল সদরের জোনাল ম্যানেজার মোঃ আব্দুর রউফ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ মোতালেব হোসেন, মোঃ আঃ কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস সমাজের শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল না থেকে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

 

বিশেষ করে তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতনতা, নৈতিক শিক্ষা এবং সামাজিক নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

 

আলোচনা সভায় এলাকার মাদক নির্মূল, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হয়।

 

বক্তারা আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।