প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩


জেলা খবর

দুই জেলায় তিন দায়িত্ব পালন করে অর্থ আত্মসাতের অভিযোগ শাহ আলম শিকদারের বিরুদ্ধে

প্রকাশিত: ২০২৬-১১-২৫ ২৩:৫৭:৪৪

News Image

রনি মল্লিক, বরগুনা প্রতিনিধি:
সরকারি চাকরি ও এমপিও নীতিমালা সম্পূর্ণরূপে লঙ্ঘন করে একই সাথে একটি এমপিওভুক্ত মাদ্রাসার ইবতেদায়ী প্রধান এবং নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে বহাল থেকে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে মোঃ শাহ আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পটুয়াখালী সদর ও বরগুনার আমতলী—দুই ভিন্ন উপজেলায় একই সময়ে দায়িত্ব পালন করে তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছেন।

 

অনুসন্ধানে ও প্রাপ্ত কাগজপত্র থেকে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার ঘটখালী গ্রামের মৃত আদেল উদ্দিন সিকদারের ছেলে মোঃ শাহ আলম পটুয়াখালী সদর উপজেলাধীন হাজিখালী মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার (মাদ্রাসা কোড: ১৭০৫২, ইআইআইএন: ১০২৫৩৬) পূর্ণকালীন ইবতেদায়ী প্রধান হিসেবে কর্মরত আছেন (ইনডেক্স নং: ৩৬৬০৮১)। তিনি প্রতি মাসে রূপালী ব্যাংক, ডিবুয়াপুর শাখার মাধ্যমে সরকারি কোষাগার থেকে নিয়মিত এমপিওভুক্ত বেতন-ভাতা উত্তোলন করছেন।

 

অন্যদিকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের (বিচার শাখা-৭) স্মারক নং- ১২৫৪ বিচার-৭/১এম-৪৭/২০০২ (তারিখ: ২৫-১১-২০০২ইং) মূলে তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পাশাপাশি তিনি আমতলী পৌরসভার ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের অতিরিক্ত কাজীর দায়িত্বও পালন করে আসছেন।

 
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী, কোনো এমপিওভুক্ত শিক্ষক অন্য কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা লাভজনক পেশায় (যেমন- নিকাহ রেজিস্ট্রার বা ঠিকাদারি) নিয়োজিত থাকতে পারেন না। অথচ মোঃ শাহ আলম আইনগত বিধিনিষেধের তোয়াক্কা না করেই দুই জেলায় তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং সাথে সাংবাদিকতার মত পেশাও  চালিয়ে যাচ্ছেন ।  

 

স্থানীয়দের প্রশ্ন, এক ব্যক্তির পক্ষে একই সময়ে পটুয়াখালী সদরে অবস্থিত মাদ্রাসায় পূর্ণকালীন উপস্থিত থেকে পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব পালন এবং একই সাথে পার্শ্ববর্তী বরগুনার আমতলী উপজেলায় বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা কীভাবে সম্ভব?  গোপন সূত্রে জানা যায় , তিনি মাদ্রাসায় নিয়মিত উপস্থিত না থেকেই জালিয়াতি ও যোগসাজশের মাধ্যমে প্রতি মাসে সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন।  

 

এদিকে, এই অনিয়ম ও দুর্নীতির তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ না করতে এবং বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত মোঃ শাহ আলম স্থানীয় সাংবাদিকদের টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা ও টাকার প্রস্তাব দিচ্ছেন বলে জানা গেছে। একপর্যায়ে সাংবাদিকরা তার অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের উদ্যোগ নিলে তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।  


ইতিমধ্যে বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্ত মোঃ শাহ আলমের এমপিও বাতিল, চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তকরণ এবং অবৈধভাবে উত্তোলিত সমুদয় সরকারি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়ার দাবিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।  

 

এ বিষয়ে হাজিখালী মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বলেনঃইবতেদায়ি প্রধান শাহ আলম সে যে সাংবাদিকতা করে আমার জানা নেই এবং সে কাজি আমি জানি কিন্তু আমাদের থেকে কোন অনুমতি নেয়নি , অভিযোগ পেলে আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । অভিযুক্ত মোঃ শাহ আলমের বক্তব্য জানতেও যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 

 

তবে সংশ্লিষ্ট সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।