প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৮ ২১:৪৫:৫৪
কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে চলতি বছরের ১১ মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) গত ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ সময় ১৪১টি সফল অভিযানে ৫৪ জন আসামিকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে ১৬ বিজিবি। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নটি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে সীমান্ত দিয়ে মাদক পাচার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে।
জব্দকৃত মাদকের মূল্য ৮ কোটি ৮৩ লাখ টাকা
১৬ বিজিবির অভিযানে চলতি বছরে ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা ও ২০ পুরিয়া, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল এবং ১১ লিটার বাংলা মদ।
বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, ঠেকানো হয়েছে ৮৪ জনকে
সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা প্রতিরোধেও বিশেষ সতর্কতা অবলম্বন করছে ১৬ বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এপ্রিল মাসে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সীমান্ত এলাকায় পুশ-ইন প্রচেষ্টার প্রবণতা বৃদ্ধি পায়।

এ পরিস্থিতিতে এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তের পৃথক আটটি স্থানে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করে ৮৪ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা ব্যর্থ করে বিজিবি।
জনসচেতনতা বৃদ্ধিতে ৫৪০টি সভা
সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা বাড়াতে চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকায় ৫৪০টি জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে ১৬ বিজিবি। এসব সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশ নেন।
সভাগুলোতে মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বেকার যুবকদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের উদ্যোগ
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এর অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষ ও বেকার যুবকদের অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে রেখে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নওগাঁ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় 'মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণ' আয়োজন করা হয়।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সীমান্তে নতুন বিওপি স্থাপন, বাড়ছে নজরদারি
১১১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ভৌগোলিক প্রতিকূলতা মোকাবিলায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের উদ্যোগ নিয়েছে ১৬ বিজিবি।

আগে মাত্র ১২টি বিওপির মাধ্যমে এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তার দায়িত্ব পালন করা হতো। সীমান্ত নজরদারি বাড়াতে নওগাঁর সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় 'নব-আদাতলা' নামে একটি নতুন বিওপি প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া গানইর ও বড়তলী এলাকায় আরও দুটি নতুন বিওপির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই এসব বিওপিতে অপারেশনাল কার্যক্রম শুরু হবে। এর ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার হবে এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সক্ষমতা বাড়বে বলে আশা করছে বিজিবি।
সীমান্ত নজরদারিতে ব্যবহার হচ্ছে ড্রোন
প্রচলিত টহল ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে ১৬ বিজিবি। দায়িত্বপূর্ণ এলাকার চোরাচালানপ্রবণ, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে।
এ প্রযুক্তির সাহায্যে সন্দেহজনক গতিবিধি শনাক্ত, চোরাচালান প্রতিরোধ, পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করা এবং অবৈধ সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় ১৬ বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠায় কাজ করছে ব্যাটালিয়নটি।