প্রিন্ট এর তারিখঃ শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৩ ২২:০৪:২২
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল চারাবাগ এলাকায় একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আসমা বেগমের বর্ণনা অনুযায়ী, শুক্রবার ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং তাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত বারৈচা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—শাহীনুর আক্তার (৩২), শিল্পী বেগম (২৮), আসাদ মিয়া (৪০) এবং ইমন (১৭)। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ঘটনার বিষয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহপনার সংবাদকর্মী রুদ্রকে জানান, “সংবাদ পেয়ে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারের নির্দেশনায় আমরা দ্রুত রায়পুরা থানাধীন মরজাল চারাবাগ এলাকায় উপস্থিত হই। ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত চারজনকে পুলিশ সদস্যদের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে এবং দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।