প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১২ ২২:৪৮:০৩
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের উদ্যোগ চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় অর্থায়নের আওতায় আনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংক ও পুবালী ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার বুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক শিউলি সাহা।
পুবালী ব্যাংক পিএলসি, টাঙ্গাইল সদরের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ বেল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা, তাদের ব্যবসায়িক ধারণা ও উদ্যোগের সম্ভাব্যতা যাচাই, প্রকৃত অর্থায়নের চাহিদা নিরূপণ এবং উপযুক্ত উদ্যোক্তাদের আর্থিক সহায়তার আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
উল্লেখ্য, দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে তরুণদের প্রয়োজনীয় অর্থায়ন, পরামর্শ ও বাজারসংযোগের সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এর ফলে স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে ওঠার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।