প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১০ ১৭:৩৭:১৪
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের আওতায় ১৫ জন শিক্ষার্থী নিয়ে গঠিত কিশোরী ফুটবল দলের মাঝে ১৭ ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কিশোরী ফুটবল দলের সদস্যদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
জানা গেছে, উপজেলার নোচনাহার গ্রামের মধুপুর, মাক্তাপুর ও পলাশচঙ্গো গ্রামের ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে কিশোরী ফুটবল দলটি গঠিত হয়েছে। থ্রাইভিং প্রকল্পের অর্থায়নে এবং হেক্স ইপার-এর সহযোগিতায় তাদের মাঝে ১৭ ধরনের খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশ এবং নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।