প্রিন্ট এর তারিখঃ সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৯ ১৩:০৩:১২
কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় মৎস্যসম্পদ সংরক্ষণ ও নদীতে দেশীয় মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে অবৈধ সূতি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে পুনর্ভবা নদী থেকে ৩টি সূতি জাল ও ৩টি রিং জাল জব্দ করা হয়। পাশাপাশি নদীতে স্থাপন করা ৮টি সূতি জালের বানা বা বেড়া কেটে অপসারণ করে ধ্বংস করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তবর্তী পুনর্ভবা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় সকাল থেকে বিকেল পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানকালে নদীতে অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন ধরনের মাছ ধরার জাল শনাক্ত করা হয়। এ সময় নদী থেকে ৩টি সূতি জাল ও ৩টি রিং জাল জব্দ করা হয়। একই সঙ্গে মাছের স্বাভাবিক চলাচল ও প্রজননে বাধা সৃষ্টিকারী ৮টি সূতি জালের বানা বা বেড়া কেটে অপসারণ করা হয়। পরে জব্দ করা জালগুলো পোরশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
অভিযানে পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), সহকারী মৎস্য কর্মকর্তা, পুলিশের একজন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইজন সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মৎস্যসম্পদ সংরক্ষণ, নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং দেশীয় মাছের বংশবিস্তার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে নদীতে অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করা গেলে মাছের পোনা ও বিভিন্ন প্রজাতির ছোট মাছ নির্বিচারে নিধন রোধ করা সম্ভব হবে।
এ ছাড়া নদী ও জলাশয়ে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।