প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩


জেলা খবর

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সদর উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-০৫ ২৩:০৪:২৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকার পানসি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সহ-সভাপতি মামুন সরকার ও মো. কামরুল ইসলাম এবং সদর থানা মহিলা দলের নেত্রী আক্তারসহ উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

 

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরা, সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

আলোচনায় বক্তারা দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পর্যায়ের নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সভায় ১২টি ইউনিয়নের বিএনপি নেতাদের উপস্থিতিতে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি, সাংগঠনিক দায়িত্ব বণ্টন এবং পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।

 

সভায় উপস্থিত নেতারা আগামী ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।