প্রিন্ট এর তারিখঃ সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০২ ২১:২৯:২২
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর, ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের টেপিকুশারিয়া এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টেপিকুশারিয়া গ্রামের মৃত হায়দার আলীর বাড়ির পাশে সড়কসংলগ্ন একটি ডোবা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং উদ্ধারের ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে কঙ্কালটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।