প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩


আলোচিত খবর

শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগের ভাইরাল ভিডিও ধারণকারী ফ্লাইট লেফটেন্যান্ট এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০২৬-১০-২৯ ১৪:১০:৪৮

News Image

নিজস্ব প্রতিবেদক: 
রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

 

নিহত কে এম তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। তিনি পরিবার নিয়ে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল (এনায়েতুর)। 

 

যেভাবে পরিচয় শনাক্ত হয় 
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর (মঙ্গলবার) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরবর্তীতে ২৮ অক্টোবর বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল রাজাবাড়ী ঘাট এলাকায় গিয়ে তুরাগ নদী থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধার করে। 

 

উদ্ধারের সময় তাঁর পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। এ সময় তাঁর হাতে একটি হাতঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মূলত পকেটে থাকা ওই আইফোন এবং পরিধেয় পোশাকের সূত্র ধরেই তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। 

 

পুলিশের প্রাথমিক ভাষ্য ও ময়নাতদন্ত 
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, উদ্ধারকৃত মরদেহের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। 

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময়কার একটি আলোচিত ভিডিও ধারণের ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাম আলোচনায় এসেছিল। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।