প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-২৬ ১৩:৪৫:১৪
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগান। রোববার (২৫ অক্টোবর) রাত ১০টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার-সংলগ্ন অধিকারীপাড়া সার্বজনীন দুর্গা মন্দির মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
কবিগানকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন।
অনুষ্ঠানে বক্তব্য দেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বাবুল হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. ওবাইদুল হক।
বক্তারা বলেন, কবিগান বাংলার লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চা টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলার নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরা সম্ভব।
স্থানীয়ভাবে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গ্রামীণ জনপদে বিনোদনের সুযোগ সৃষ্টি এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে।