প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-২০ ১৮:২৩:৫৬
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত টাঙ্গাইলের গোপালপুর। হেমনগর জমিদার বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমী ও ময়মনসিংহের কলসিন্দুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ।
হেমনগর স্পোর্টিং ক্লাব ও হক পল্লী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধের খেলায় মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমীর পক্ষে ১টি গোল করেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকার। এবং দ্বিতীয়ার্ধের শুরুতে ময়মনসিংহের কলসিন্দুর নারী দলের আকলিমার গোলে সমতা ফেরান।
খেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহাফুজুল আলম খান, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন, সূতী ভিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন এবং গোপালপুর উপজেলা বিএনপির সেক্রেটারী কাজী লিয়াকত, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার।
প্রমিলা ফুটবলের এই আকর্ষণীয় ম্যাচ উপভোগ করতে গোপালপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস ও উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।