প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৯ ০০:২৫:১১
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) বিকাল ০৩ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর “পদ্মা”সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন নিশ্চিতকল্পে রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহের পূজা উদ্যাপন পরিষদ ও পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে ডিআইজি, রাজশাহী রেঞ্জ এর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো.আশিক সাঈদ, পিপিএম।
মতবিনিময় সভায় ডিআইজি পূজা উদ্যাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিঁনি তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সকলের সম্মিলিত সহযোগিতায় উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক থাকা এবং কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
ডিআইজি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে পুলিশ ও পূজা উদ্যাপন সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।