প্রিন্ট এর তারিখঃ রবিবার ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

পাঠাভ্যাস হোক জ্ঞান অর্জনের ভিত্তি'—যশোরে স্কুল শিক্ষার্থীদের বই ও লাইব্রেরি কার্ড বিতরণ

প্রকাশিত: ২০২৬-১০-০৪ ১৭:৫৬:২৩

News Image

উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
"পাঠাভ্যাস হোক জ্ঞান অর্জনের ভিত্তি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং লাইব্রেরিমুখী করার লক্ষ্যে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির ঐতিহ্যবাহী আলমগীর সিদ্দিকী হলে আনুষ্ঠানিকভাবে এ বই ও লাইব্রেরি কার্ড প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই, আর জ্ঞানার্জনের প্রধানতম চাবিকাঠি হলো বই পড়ার অভ্যাস। বর্তমান ডিজিটাল যুগে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ক্রমশ স্ক্রিননির্ভর হয়ে পড়ছে। এই প্রযুক্তি নির্ভরতার মধ্য থেকেও তাদের আবার বইয়ের পাতায় ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। বই মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে, দৃষ্টিভঙ্গি উদার করে এবং সঠিক মূল্যবোধ গঠনে সহায়তা করে।"

 

তিনি আরও বলেন, "পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ, সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাসের বই পড়া প্রতিটি শিক্ষার্থীর মানস গঠনে বড় ভূমিকা রাখে। লাইব্রেরি হলো জ্ঞানের বাতিঘর। শিক্ষার্থীদের হাতে আজ যে লাইব্রেরি কার্ড তুলে দেওয়া হচ্ছে, এটি কেবল একটি কার্ড নয়—এটি তাদের বইয়ের বিস্তৃত জগতে প্রবেশের একটি মাধ্যম। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বইমুখী হলে তা ভবিষ্যতে একটি আলোকিত ও সুশিক্ষিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ইনস্টিটিউটের সভাপতি এজেডএম সালেক স্বপন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট বহু বছর ধরে শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতা প্রসারে কাজ করে আসছে। লাইব্রেরিকে নতুন প্রজন্মের নিকট আকর্ষণীয় করে তুলতে এবং শিক্ষার্থীদের মাঝে বই পড়ার সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে আমাদের এ উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থী যাতে নিয়মিত লাইব্রেরিতে এসে তাদের পছন্দের বই পড়তে পারে, সে পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।" তিনি অভিভাবকদেরও সন্তানদের বই পড়ার অভ্যাসে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী। সঞ্চালনা করতে গিয়ে তিনি কর্মসূচির ভবিষ্যৎ লক্ষ্য ও ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষা-বান্ধব সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহসাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান কবির এবং সহসাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আনোয়ার প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে বই ও লাইব্রেরি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে পাঠাগার চর্চার যে বীজ রোপণ করা হলো, তা ভবিষ্যতে এক বিশাল বটবৃক্ষে পরিণত হবে।

 

উল্লেখ্য, বর্ণাঢ্য এই আয়োজনে যশোর শহরের ৫টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির বই ও লাইব্রেরি সদস্য কার্ড তুলে দেন। নতুন লাইব্রেরি বই ও লাইব্রেরি কার্ড হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার এক উৎসবমুখর আমেজ লক্ষ্য করা গেছে।