প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০২ ০০:১৪:৫৩
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল শহরের পাঁচআনী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের পাঁচআনী বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ‘জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ‘মুন্সির হোটেল’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, খাদ্যপণ্যের মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হচ্ছে।