প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-২৯ ২২:৪৬:৩৯
কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা -২৬ যথাযথ মর্যাদায়, শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ (৪৬) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সম্প্রীতির প্রতীক। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম বলেন ১৯টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী এবং পোরশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদেব সাহা।
এছাড়াও সভায় উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সকল মহলকে সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়।