প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-২৮ ২২:৫৫:৪১
নিজস্ব প্রতিনিধি:
প্রতিযোগিতা আইন, ২০১২-এর যথাযথ প্রয়োগ, বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিতকরণ এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘প্রতিযোগিতা আইন, ২০১২ ও এর প্রয়োগে স্টেকহোল্ডারদের দায়িত্ব এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার। টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক সভায় সভাপতিত্ব করেন।
সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মোহাম্মদ ইসতিদার আলম, সহকারী পরিচালক মুহাম্মদ যুবায়ের, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নাসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিযোগিতা আইন, ২০১২-এর লক্ষ্য ও উদ্দেশ্য, বাজারে সুস্থ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্ব, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি এবং বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাজারে অসুস্থ প্রতিযোগিতা, সিন্ডিকেট ও একচেটিয়া নিয়ন্ত্রণের মতো প্রবণতা প্রতিরোধে আইনটির যথাযথ প্রয়োগ এবং ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
মতবিনিময় পর্বে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বাজার মনিটরিং, প্রতিযোগিতা আইন বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকলে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বাড়ে। তাই আইন মেনে ব্যবসা পরিচালনা এবং বাজারে কৃত্রিম সংকট বা অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টির মতো কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় ব্যবসা-বাণিজ্য ও বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা এবং সিন্ডিকেট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।