প্রিন্ট এর তারিখঃ রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত; ভূমি সেবা সহজীকরণে স্বচ্ছতা ও দ্রুততার নির্দেশ জেলা প্রশাসকের

প্রকাশিত: ২০২৬-০৯-২৭ ২৩:২৭:৪১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি সেবা কার্যক্রমের অগ্রগতি, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং ভূমি সংক্রান্ত মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসক, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে এ মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরীফা হক, জেলা প্রশাসক, টাঙ্গাইল।

সভায় জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশেষ করে নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা, ভূমি উন্নয়ন কর আদায়ের কার্যক্রম আরও জোরদার করা, সরকারি সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ এবং চলমান ভূমি সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

সভায় ভূমি অফিসসমূহের দৈনন্দিন কার্যক্রমে জনসাধারণের ভোগান্তি কমানো এবং সেবা প্রদানের ক্ষেত্রে হয়রানি ও অপ্রয়োজনীয় বিলম্ব রোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ভূমি সেবার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ এবং সেবাপ্রার্থীদের সঙ্গে দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

 

জেলা প্রশাসক সভায় ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি ভূমি ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণ করে আন্তরিকতা, জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় নামজারি আবেদনের নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, সরকারি জমি ও অন্যান্য সরকারি সম্পত্তির হালনাগাদ তথ্য সংরক্ষণ এবং ভূমি সংক্রান্ত মামলার অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় জেলার ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে দ্রুত ও নির্বিঘ্নে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), টাঙ্গাইল জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)গণ উপস্থিত ছিলেন।