প্রিন্ট এর তারিখঃ রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ‘Colors of Tangail’

প্রকাশিত: ২০২৬-০৯-২৭ ১৬:৩২:০৪

News Image

‘Digital Transformation and Artificial Intelligence to Redesign Tourism’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 

নিজস্ব প্রতিনিধি:
‘Digital Transformation and Artificial Intelligence to Redesign Tourism’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ‘Colors of Tangail’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

 

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনা, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা অংশ নেন।

 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক টাঙ্গাইলকে পর্যটনের অপার সম্ভাবনাময় জনপদ হিসেবে উল্লেখ করেন। তিনি জেলার ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, প্রাকৃতিক, সাংস্কৃতিক ও লোকজ ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানোর মাধ্যমে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান ও স্থানীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা সম্ভব। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে জেলার পর্যটনকেন্দ্রগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার পর্যটন বিকাশের লক্ষ্যে জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে নির্মিত ‘Colors of Tangail’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

প্রামাণ্যচিত্রটিতে টাঙ্গাইলের বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং জেলার জীবনযাত্রার নানা বৈচিত্র্য তুলে ধরা হয়।

 

বক্তারা বলেন, টাঙ্গাইলের পর্যটন খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, সংরক্ষণ, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং ডিজিটাল প্রচারণার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা প্রয়োজন।

 

বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার টাঙ্গাইলের পর্যটন প্রচারণায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলেও আলোচনায় উঠে আসে।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।